মুকসুদপুরে বিএনপির সন্ত্রাসবিরোধী পথসভা অনুষ্ঠিত
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বৈদ্যবাড়ি মোড়ে বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে ননীক্ষীর ইউনিয়নের মহেশতলী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া ও সদস্য সচিব মহেশ্বর বাড়ৈর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়।
বৈদ্যবাড়ি মোড়ের পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (রাজু), উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়ুম শরিফ, উপজেলা ওলামা দলের সভাপতি মাসুদ রহমান, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুস সামাদ সরদার, সহ-সভাপতি মার্ক নির্মল সিকদার, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহেশ্বর বাড়ৈ, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ, সদস্য আকরামুল আলম লিপন, ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক জাকির সিকদার, ননীক্ষীর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বায়জিদ বিন বাদশা, ইউপি সদস্য আলমগীর হোসেন, ১ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক সভাপতি হায়াত আলী শেখ, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সমর্থক গোঞ্জর আলী খান ও ভৈরব বালাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কড়া বার্তা দেন। পাশাপাশি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও স্থানীয় প্রশাসন সজাগ ছিল।
এআইএল/সকালবেলা