কেরানীগঞ্জে ‘এলেক্স গ্রুপ’-এর সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
কেরানীগঞ্জে ‘এলেক্স গ্রুপ’-এর সদস্যকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিবের অভিযোগ, ফরহাদ পেশায় মাছ ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন। দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগরের একটি সেলুনের সামনে অবস্থানকালে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তাঁরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারসহ কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রায়েরবাজারের ‘এলেক্স গ্রুপ’-এর সদস্য ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন