ইসরায়েলি কারাগারে সন্তান জন্ম দিলেন ফিলিস্তিনি বন্দি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগারে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দি দানা জুদেহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তর ফিলিস্তিনের ড্যামন কারাগারে চিকিৎসাসেবা ও মানবিক চরম সংকটের মধ্যেই তিনি সন্তান জন্ম দেন। তিনি নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা।
গর্ভবতী থাকা অবস্থায় তাকে আটক করে ইসরায়েলি বাহিনী। কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই ‘প্রশাসনিক আটকাদেশ’ ব্যবস্থার আওতায় দীর্ঘ ছয় মাস ধরে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। জুদেহর পরিবার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, গর্ভাবস্থায় তাকে উপযুক্ত চিকিৎসা না দেওয়ায় তার শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। নবজাতক ও তাঁর জীবনের নিরাপত্তার জন্য ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে সম্পূর্ণ দায়ী করেছে তারা।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশনের তথ্য অনুযায়ী, ড্যামন কারাগারে বর্তমানে প্রায় ৮৮ জন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। চিকিৎসাসেবার অভাব, খাদ্যাভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, ধর্মীয় আচার পালনে বাধা এবং নির্জন কারাবাসের মতো অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তাঁরা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে অবিলম্বে ইসরায়েলি কারাগারগুলোতে পর্যবেক্ষণ জোরদার এবং গর্ভবতী, অসুস্থ ও অপ্রাপ্তবয়স্ক বন্দিদের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে কমিশন।
এআইএল/সকালবেলা