আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে দেশের ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিল পুলিশ বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের আমলে বিনা বিচারে বিরোধী রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা ও গুম করা হয়েছে। তিনি দাবি করেন, এ সময় সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং সাত শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়। একইভাবে বিরোধী অন্য দলগুলোর ওপরও একই ধরনের নির্যাতন চালানো হয়।

তিনি আরও বলেন, দেশে এখন দৃশ্যমান পরিবর্তন এসেছে। পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মামলা করছে না এবং মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করা হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, বিগত আমলে যারা অপকর্ম করেছে তাদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে তা হবে ভীরুতার পরিচয়।

মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে শুধু জেলা প্রশাসন বা পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়; ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে উল্লেখ করে তিনি জানান, কোনো দলীয় নেতাকর্মীও এতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সাথে এবং বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন