দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর কারাদণ্ড

বিশেষ সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী (প্রসিকিউটর) শাহ মো. নাজমুস সাকিব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানাসহ পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, সুপর্ণা সুর চৌধুরীকে তাঁর নিজের ও ওপর নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন।

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন