ড. ইউনূসের প্রতি সরকারের কোনো অনুরাগ-বিরাগ নেই: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
ড. ইউনূসের প্রতি সরকারের কোনো অনুরাগ-বিরাগ নেই: তথ্য উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিষয়টি আদালতের এবং মামলা তার নিজস্ব আইনি গতিতেই চলবে। এখানে ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের কোনো অনুরাগ বা বিরাগের প্রশ্ন নেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ এবং এ বিষয়ে দায়ের করা রিট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি মূলত আদালতের এখতিয়ারভুক্ত। এ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, যা এখন স্পষ্ট হয়েছে। আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের উক্ত কর পরিশোধ করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের আলাদা কিছু করার নেই।

তিনি আরও জানান, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের নিয়মেই পরিচালিত হবে। সংশ্লিষ্ট পক্ষ চাইলেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যেতে পারেন। আপিলে রায় টিকিয়ে রাখতে না পারলে তাঁদের নির্দিষ্ট কর পরিশোধ করতেই হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিচার বিভাগের অধীন হওয়ায় এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফাঁসির রায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের প্রসিকিউশন টিম কাজ করছে। কারো মৃত্যুদণ্ড দেখে আনন্দিত হওয়ার চেয়ে সমাজে ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠা পাচ্ছে কি না—সেটিই মূল বিবেচ্য বিষয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন