মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ৫

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট ও একটি কার্গো বোটসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙরে একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালায় কোস্টগার্ড। তল্লাশিকালে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি ওজনের ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্গো বোটের পাঁচ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন