সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী
বিশেষ সংবাদদাতা: সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলীর তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর লক্ষ্মীপুর জেলায় এটিই ছিল মন্ত্রীর প্রথম সমন্বয় সভা।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির বিকাশের সাথে সাথে সঠিকভাবে সমাজকেও খাপ খাইয়ে নিতে হয়। এর দায়িত্ব অভিভাবক, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব সমস্যা রাষ্ট্রের ওপর না ছেড়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব নিয়ে দেশের কল্যাণে প্রতিটি কাজ সম্পাদনের নির্দেশ দেন তিনি।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
সভায় উপস্থাপিত তথ্যে জানানো হয়, ২০২৬ সালের আগস্ট মাসে লক্ষ্মীপুর জেলায় মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে; যার মধ্যে ২৬টি নারী ও শিশু নির্যাতন এবং ৬৬টি মাদকসংক্রান্ত ঘটনা। একই মাসে ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হলেও এখনো ১২ হাজার ১৪টি পরোয়ানা বকেয়া রয়েছে।
পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানানো হয়, গত এক বছরে জেলা প্রশাসনের অভিযানে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জমির টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযানে ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পরিচালিত ৯৮৭টি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ২৪০টি মামলা দায়ের করা হয়েছে।
লক্ষ্মীপুরের জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এছাড়া পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা