ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: জনদুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে অবহেলিত রংপুরের জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়ক দ্রুত পুনর্নির্মাণের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নাগরিকরা।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে জাহাজকোম্পানী মোড়ে মুখে কালো কাপড় বেঁধে এই প্রতীকী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ দুই বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে আছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার আল্টিমেটাম দেওয়া হলেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। মাঝে বাজেটের কথা শোনা গেলেও বাস্তবে ভোগান্তি কমেনি। ফলে প্রতিদিন পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।
সমাবেশে বক্তারা স্মরণ করিয়ে দেন যে, গত বছরের জুলাই মাসেও এই সড়কের বেহাল দশার প্রতিবাদে গায়েবানা জানাজা, ধানের চারা রোপণ ও লাল কার্ড প্রদর্শনের মতো অভিনব কর্মসূচি পালন করা হয়েছিল। তবুও কর্তৃপক্ষের টনক না নড়ায় সাধারণ মানুষের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমের আগেই সংস্কার কাজ শুরু না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে বর্তমান সিটি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আয়োজকরা।
মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পার্থ বোস, জাহাজকোম্পানী শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জি.এল. রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী এবং নাগরিক কমিটির সদস্য মাহফুজুর রহমানসহ অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ