ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো”—এই কালজয়ী প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্কাউটস।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিরল উপজেলা পরিষদ থেকে বিরল বাজার পর্যন্ত এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ বিরল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এই অভিযানের উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটসের উপজেলা সভাপতি জিমরান মোহাম্মদ সায়েক।
পরিচ্ছন্নতা কার্যক্রমে স্কাউট সদস্যরা উপজেলা পরিষদ চত্বর থেকে বিরল বাজার পর্যন্ত রাস্তার দুপাশে এবং দোকানের সামনে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। শুধু পরিষ্কার করাই নয়, তারা স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ঝুড়ি বা ডাস্টবিন ব্যবহারের জন্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গুলনাহার খানম, উপজেলা স্কাউট কমিশনার হাসান আলী, স্কাউট লিডার ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ার লক্ষ্যে স্কাউটসের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরল বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ