ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন শুরু করেছে জেলা পুলিশ। গত রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ এই তথ্য জানান। সভায় জেলার মাদক পরিস্থিতির বিশেষ করে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “মাদক ব্যবসায়ীদের তালিকা করতে গিয়ে দেখা গেছে, সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়ন এলাকা এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সেখানকার অবস্থা এতটাই ভয়াবহ যে কল্পনাও করা যায় না; সেখানে চাইলেই হাত বাড়ালে ইয়াবা পাওয়া যায়।” তিনি জানান, বর্তমানে জেলাজুড়ে গ্রাম ও পাড়া-মহল্লা ভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে।
সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান বলেন, “নাসিরনগর আগে তুলনামূলক ভালো থাকলেও বর্তমানে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কয়েকদিন আগেই গাঁজার বিশাল চালান ধরা পড়েছে। মাদকের এই বিস্তার রোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা করা জরুরি।” তিনি ধরমন্ডল এলাকায় মাদকের প্রভাব বেশি উল্লেখ করে সেখানে প্রথম সভা করার প্রস্তাব দেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ দাবি করেন, মাদক সম্রাটরা যেন গ্রেপ্তারের পর সহজে জামিন না পায় তা নিশ্চিত করতে হবে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং জামিন হলে দ্রুত নতুন মামলার মাধ্যমে তাদের আটক রাখতে হবে। পাবলিক প্রসিকিউটর ফখর উদ্দিন আহমেদ খান স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বয়ে মাদক প্রতিরোধের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “মাদকের ব্যাপারে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা করছি এবং প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে।” সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গত মার্চ মাসের অপরাধ বিবরণী পেশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, ওই মাসে জেলায় কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটলেও ১টি ডাকাতি ও ১৫টি চুরির ঘটনা ঘটেছে। তবে উদ্বেগজনক তথ্য হিসেবে জানানো হয়, এক মাসে জেলায় ১৯ জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ