ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভ্রমণ ডেস্ক: গরমের মরসুমে একটু স্বস্তির খোঁজে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হিমাচল প্রদেশের মানালি। তবে বর্তমানে মানালি যেন এক ব্যস্ত মেট্রোপলিটন শহর, যেখানে বরফাবৃত পর্বত আর পাইন বনের মাঝেও আধুনিকতার ছোঁয়া প্রকট। পর্যটকদের মনে প্রায়ই প্রশ্ন জাগে—থাকার জন্য নতুন মানালি নাকি পুরনো মানালি, কোনটি সেরা?
মানালির এই দুই রূপের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আপনার ভ্রমণের উদ্দেশ্য যদি হয় কেনাকাটা আর আধুনিক বিলাসিতা, তবে নতুন মানালিই আপনার জন্য আদর্শ। আর যদি চান পাহাড়ের শান্ত অকৃত্রিম রূপ দেখতে, তবে পুরনো মানালি আপনাকে মুগ্ধ করবে।
নতুন মানালি: আধুনিকতা ও ব্যস্ততার কেন্দ্র নতুন মানালি মূলত ম্যাল রোডকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে রয়েছে আধুনিক রিসর্ট, নামী কোম্পানির শোরুম এবং বাহারি থিম ক্যাফে। শহরের গতিময়তা আর পর্যটকদের কোলাহলে এটি সব সময় মুখরিত থাকে। সব ধরনের নাগরিক সুবিধা হাতের নাগালে পেতে নতুন মানালির বিকল্প নেই।
পুরানো মানালি: পাহাড়ের শান্ত গ্রামীন আমেজ মূল শহর থেকে মাত্র ২-৩ কিলোমিটার উপরে অবস্থিত পুরনো মানালি। এখানে পা রাখলেই মনে হবে কোনো এক পুরনো পাহাড়ি গ্রামে চলে এসেছেন। হিমাচলী শৈলীতে তৈরি কাঠের ঘরবাড়ি, আপেল বাগান আর বনভূমি এই অঞ্চলের প্রধান আকর্ষণ। অকৃত্রিম পরিবেশ আর পুরনো আমলের ক্যাফেগুলো এখানে এক শান্তিময় আবহ তৈরি করে। যারা ভিড় এড়িয়ে নির্জনে সময় কাটাতে চান, তাদের জন্য এটিই স্বর্গ।
ভ্রমণপিপাসুরা চাইলে নতুন মানালির আধুনিকতা উপভোগ করে থাকার জায়গা হিসেবে বেছে নিতে পারেন পুরনো মানালির কোনো হোমস্টেকে। প্রকৃতি আর আধুনিকতার এই মেলবন্ধনই মানালিকে করে তুলেছে অনন্য।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ