স্বামীর একাধিক বিয়ে: অভিমানে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর একাধিক বিয়ে: অভিমানে স্ত্রীর আত্মহত্যা

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দনগরে স্বামীর একাধিক বিয়ে ও ক্রমাগত মানসিক নির্যাতনের শিকার হয়ে মরজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি সালিশ বৈঠক শেষে তিনি এই চরম পথ বেছে নেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী হুমায়ুন কবির পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, হুমায়ুন কবির পুত্র সন্তানের আশায় একের পর এক বিয়ে করছিলেন। এ নিয়ে প্রথম স্ত্রী মরজিনার ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। এর আগেও মরজিনাকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি তাঁদের বিয়ের আগেও নির্যাতনের অভিযোগে হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছিলেন মরজিনার বাবা।

রোববার বিকেলে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। সেখানে দেড় বছরের সন্তানের ভরণপোষণের জন্য মরজিনাকে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়। স্বজনদের দাবি, এই সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েন মরজিনা। সালিশ থেকে ফিরেই তিনি বিষপান করেন। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন