বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

জি কে মো. ইউসুফ, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিকস ও জিরার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। 

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ও সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার দিকে একটি পুরাতন কাগজের কার্টুনবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের কার্টুনের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

একই স্থানে সকাল ৮টার দিকে অপর একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বস্তার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়।

৫৫ বিজিবি জানিয়েছে, জব্দকৃত কসমেটিকস ও জিরার মোট সিজার মূল্য আনুমানিক ৭৮ লাখ টাকা। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন