চেলসিকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানসিটি

চেলসিকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার (১২ এপ্রিল) স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল সিটিজেনরা।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয় অর্ধের শুরু থেকেই চেলসির রক্ষণে আক্রমণ শানাতে থাকে ম্যানসিটি। ম্যাচের ৫১তম মিনিটে রায়ান চেরকির ক্রস থেকে দারুণ এক হেডে সিটিকে এগিয়ে নেন নিকো ও’রাইলি। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক গুয়েহি। এরপর ৬৮তম মিনিটে চেলসির রক্ষণভাগের ভুলে বল পেয়ে জেরেমি ডোকু লক্ষ্যভেদ করলে সিটির ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ের পর ৩১ ম্যাচে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে (৩২ ম্যাচ) ৭০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। লিগের শেষভাগে এসে প্রতিটি ম্যাচই এখন শিরোপা নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন