ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী

ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী

জাফর ইকবাল, শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘মীর শাহে আলম ফাউন্ডেশন’। উপজেলার অন্তত ১,২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে উন্নত চক্ষু সেবা ও চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে এই মহৎ উদ্যোগের মাধ্যমে।

সোমবার (১৩ এপ্রিল) গাক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপির ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মীর শাহে আলম ফাউন্ডেশন’ এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করে। সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং সকাল ১১টা ৩০ মিনিটে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি বলেন, "বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল এবং মানুষের সেবাই এই দলের মূল রাজনীতি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।"

তিনি আরও বলেন, "নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে এক এক করে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ.এস.এম রেজাউন্নবী মন্ডল, গাক-এর সিনিয়র পরিচালক ডা. মাহবুব আলম এবং মীর শাহে আলম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে দৃষ্টিশক্তি ফিরে পেতে যাওয়া সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন