ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়াকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন সদ্য সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে এই সিদ্ধান্তের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কড়া সমালোচনা করে তিনি বলেন, “আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন।”
সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে বুলবুল দাবি করেন, তিনি এখনো বিসিবির বৈধ সভাপতি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বোর্ড ভেঙে দেওয়ার এখতিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, “এনএসসির কোনো অধিকার নেই নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার। আমাদের বোর্ড যদি ব্যর্থ হতো, তবে তারা আমাদের ডেকে কারণ দর্শাতে বলতে পারত। কিন্তু যেভাবে কমিটি গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ।”
বোর্ড ভেঙে দেওয়ার দিনের স্মৃতিচারণ করে বুলবুল জানান, তিনি এবং খালেদ মাসুদ পাইলট বিসিবিতে থাকাকালীন হঠাৎ করেই রাজনৈতিক অফিসের মতো শত শত লোক সেখানে ঢুকে পড়ে। পরিস্থিতির চাপে তারা মান-সম্মান বাঁচাতে অফিস ছেড়ে চলে আসতে বাধ্য হন। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে বোর্ড ভাঙার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, “তদন্ত কমিটির রিপোর্টে কী আছে আমরা জানি না। এই কমিটি কিসের ভিত্তিতে হলো, তাও স্পষ্ট নয়।”
উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বুলবুল এই পরিবর্তনকে আইনি ও কাঠামোগতভাবে ভুল বলে দাবি করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ