সুন্দরগঞ্জে মাদকের ভয়াবহতা রোধে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মাদকের ভয়াবহতা রোধে মানববন্ধন

হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। 

গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে সামাজিক সংগঠন ‘মানবতার দিশারী’র উদ্যোগে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে এলাকার সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম। তিনি বলেন, “মাদক আজ শুধু একটি व्यक्तिगत সমস্যা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের করাল গ্রাসে আমাদের তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্য বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুন্দরগঞ্জসহ পুরো উপজেলায় মাদকের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে যুবসমাজ চরম বিপর্যয়ের মুখে পড়বে। তাই একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন। পাশাপাশি মাদক নির্মূলে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্যসচিব সাগীর খান, বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, শিক্ষার্থী আমানুল্লাহ আমান এবং মানবতার দিশারীর দপ্তর সম্পাদক সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন