দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ ঘিরে দর্শকদের আগ্রহের পারদ তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটির নির্মাণকাজ এখন শেষের পথে। সিনেমার বাকি অংশের দৃশ্যধারণ সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার পুরো টিম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষের দিকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে।

গত বছর প্রকাশিত মোশন পোস্টারে সিনেমাটির গল্পের কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। দুর্নীতি ও শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমাটিতে শাকিব খানকে এক ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শক। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা সাকিব ফাহাদ একটি গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুটি সময়ই মুক্তির জন্য ভালো। শুটিং ও পরবর্তী কারিগরি কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই আমরা চূড়ান্ত তারিখ ঘোষণা করব।’

সাধারণত ঈদ কেন্দ্রিক সিনেমার আধিক্য থাকলেও ‘সোলজার’ নিয়ে নির্মাতার ভাবনা একটু অন্যরকম। তিনি জানান, ভালো সিনেমা বছরের যেকোনো সময় মুক্তি পাওয়া প্রয়োজন। দর্শক ও হলমালিকদের প্রত্যাশা মাথায় রেখেই উৎসবের বাইরে ভিন্ন কোনো সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তারা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন