নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: হিজরি নতুন বছর ১৪৪৮ সনের প্রথম দিনে সম্পূর্ণ নতুন গিলাফে (কিসওয়া) মোড়ানো হয়েছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ। সোমবার (১৫ জুন) ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাবার পুরোনো গিলাফটি সরিয়ে এই নতুন কিসওয়া প্রতিস্থাপন করা হয়।

সৌদি রাজপরিবারের প্রতিনিধি এবং পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতিতে অত্যন্ত নিখুঁতভাবে এই পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন হয়। হিজরি নববর্ষের প্রথম রাতকে (১ মহরম) স্মরণীয় করে রাখতে গত কয়েক বছর ধরে এই সময়ে গিলাফ পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখছে মসজিদুল হারাম ও মসজিদ নববী কর্তৃপক্ষ।

পবিত্র কাবার এই নতুন গিলাফটি সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত ‘কিং আব্দুল আজিজ কমপ্লেক্স’-এ অত্যন্ত সূক্ষ্ম বুননে প্রস্তুত করা হয়েছে। কমপ্লেক্সের শতাধিক দক্ষ ক্যালিগ্রাফার ও কারিগরের প্রায় ১১ মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় এটি।

কিসওয়া তৈরির পুরো প্রক্রিয়াটি মূলত ঐতিহ্যবাহী ৭টি ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে রয়েছে পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, সুনির্দিষ্ট নকশায় ছাপানো, সূচিকর্ম, টুকরোগুলো সংযোজন এবং চূড়ান্ত গুণগত মান পরীক্ষা। সব প্রক্রিয়া শেষে বিশেষভাবে প্রস্তুত করা একটি সুরক্ষিত যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়।

কারিগরি দিক থেকে এই গিলাফে ৪৭ টুকরো খাটি রেশম (সিল্ক) কাপড় ব্যবহার করা হয়েছে। কিসওয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ওপর অত্যন্ত আকর্ষণীয় ক্যালিগ্রাফিতে খোদাই করা পবিত্র কোরআনের ৬৮টি আয়াত। এই ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের খাঁটি সোনা এবং ১০০ কেজি রুপার সুতা। সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর পুরো গিলাফটির মোট ওজন দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

সৌদি আরবের প্রচলিত ধর্মীয় ও রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের প্রধান খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে, কাবার পুরোনো গিলাফটি খুলে ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্বখ্যাত জাদুঘরগুলোতে উপহার ও স্মারক হিসেবে বিতরণ করা হয়।

মন্তব্য করুন