যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ
যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ২০ শয্যার এই প্রতিষ্ঠানটিকে প্রথমে ৩০ শয্যা ও পরবর্তীতে ২০২৮ সালের জুনের মধ্যে নয়তলা ভবন নির্মাণের মাধ্যমে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটির ধারণক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট কিছু প্রকল্প বর্তমানে একনেক (ECNEC) অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা দিতে হবে। কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ডকোলজিস্ট অ্যাপ’-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন। এ সময় চেম্বার অব কমার্স ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন