দেবীগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ক্ষতিকর খাবার ধ্বংস ও সচেতনতা বৃদ্ধি

দেবীগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ক্ষতিকর খাবার ধ্বংস ও সচেতনতা বৃদ্ধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশেষ মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

বুধবার (৪ মার্চ) দুপুরে পৌর সদরের দেবীগঞ্জ বাজারে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা জয় চন্দ্রের নেতৃত্বে বিভিন্ন খাদ্য বিপণন কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেবীগঞ্জ বাজারের বিভিন্ন বেকারি ও ইফতার সামগ্রী প্রস্তুতকারী দোকানে খাবারের মান পরীক্ষা করা হয়। এ সময় স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর কৃত্রিম রঙ মেশানো বিভিন্ন খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে ইফতার সামগ্রী পরিবেশনে কোনো প্রকার লিখিত বা ছাপানো কাগজ ব্যবহার না করা এবং পোড়া তেল বারবার ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাবার সব সময় ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশে বিক্রির আহ্বান জানানো হয়। এ সময় ব্যবসায়ীদের মাঝে মাস্ক, গ্লাভস, ক্যাপ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের নিয়মিত মনিটরিং কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন