ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনপ্রিয় মিষ্টির দোকান ‘বনলতা সুইটস’-এর বিরুদ্ধে আবারও ওজনে কারচুপির মাধ্যমে ক্রেতা ঠকানোর অভিযোগ উঠেছে।
প্রতি কেজি ৪০০ টাকা দরের মিষ্টি বিক্রির সময় প্যাকেটের ওজন বাদ না দিয়েই সমমূল্যে তা হিসাব করা হচ্ছে বলে স্থানীয় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ডিজিটাল ওজন মাপার যন্ত্র থাকা সত্ত্বেও প্যাকেটের ওজন অন্তর্ভুক্ত করে মিষ্টি বিক্রি করায় সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ক্রেতাদের দাবি, মিষ্টি কেনার সময় বিক্রেতারা ডিজিটাল মেশিনে প্যাকেটসহ ওজন দেন। কিন্তু নিয়ম অনুযায়ী প্যাকেটের ওজন আলাদাভাবে বাদ দেওয়ার কথা থাকলেও বনলতা সুইটস তা করছে না। ফলে প্রতি কেজিতে ক্রেতারা প্রকৃত মিষ্টির চেয়ে কম পাচ্ছেন এবং প্যাকেটের ওজনের সমপরিমাণ বাড়তি টাকা গুনছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—মানুষ মিষ্টির জন্য টাকা দেয়, প্যাকেটের জন্য নয়; তবে কেন ডিজিটাল মিটারে প্যাকেটের ওজন বাদ দিয়ে মাপা হচ্ছে না?
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ধরনের জালিয়াতির দায়ে প্রশাসন বনলতা সুইটসকে মোটা অংকের জরিমানা করেছিল। কিন্তু জরিমানার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় অনেকেই মনে করছেন এটি শুধু ব্যবসায়িক অবহেলা নয়, বরং ইচ্ছাকৃত প্রতারণা। কোনো প্রভাবশালী মহলের প্রশ্রয়েই বারবার এমন অনিয়ম করার সাহস পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী এবার শুধু নামমাত্র জরিমানা নয়, বরং স্থায়ীভাবে এই প্রতারণা বন্ধে দোকানটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ