পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ আলম আটক

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ আলম আটক

শুভ সমদ্দার, স্টাফ রিপোর্টার, পিরোজপুর: পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার আটকের খবরে পিরোজপুর ও ঢাকাস্থ রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহ্ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা একটি ইফতার মাহফিলের অনুষ্ঠানে যোগ দিতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গিয়েছিলেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে স্থানীয়রা রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। তবে সাগরের দাবি, তার বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আটক করা হয়েছে।

রমনা থানা সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহ্ আলমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে। উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন