কালিহাতীতে ৪টি চোরাই সিএনজিসহ আটক ১

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
কালিহাতীতে ৪টি চোরাই সিএনজিসহ আটক ১

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশা চুরির চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হুরমুজ আলী (৩৭) নামে একজনকে আটকসহ চারটি সিএনজি উদ্ধার করা হয়েছে। 

গতকাল শুক্রবার (২৬ জুন) উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেষপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আজ শনিবার (২৭ জুন) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত হুরমুজ আলী উপজেলার কাগমারী ইছাপুর এলাকার হযরত আলীর ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজের সময় মির্জাপুরের দেওড়া বাজার থেকে রোকন খন্দকার নামের এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। নামাজ শেষে চালক গাড়িটি না পেয়ে তাৎক্ষণিকভাবে মালিক রোকনকে বিষয়টি জানান। মালিক তাঁর সিএনজিতে থাকা জিপিএস ট্র্যাকার (GPS Tracker) পরীক্ষা করে দেখতে পান যে, চুরি হওয়া গাড়িটি এলেঙ্গা সেমকো সিএনজি পাম্পের সামনে অবস্থান করছে।

তিনি তাৎক্ষণিকভাবে জিপিএস লোকেশনটি তাঁর চালকের মোবাইলে শেয়ার করেন এবং দ্রুত সেখানে যেতে বলেন। লোকেশন ধরে চালক ও স্থানীয় লোকজন এলেঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেষপুর এলাকায় শাহাদত মোল্লার বাড়িতে গিয়ে চুরি হওয়া অটোরিকশাটি দেখতে পান। পরে খবর দেওয়া হলে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই সিএনজিসহ আরও তিনটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা উদ্ধার করে।

এই চুরির ঘটনায় শাহাদত মোল্লার বাসার ভাড়াটিয়া হুরমুজ আলীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। বাসার মালিক শাহাদত মোল্লা জানান, গ্রেফতারকৃত হুরমুজ তাঁর বাসায় ভাড়া থাকতেন। তবে তিনি এই সিএনজি চুরির সিন্ডিকেটের বিষয়ে কিছুই জানতেন না।

অভিযান শেষে উদ্ধার হওয়া চারটি সিএনজির মধ্যে একটির সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিক রোকন খন্দকারকে বুঝিয়ে দেয় পুলিশ। বাকি তিনটি সিএনজি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী মালিকের দেওয়া জিপিএস লোকেশনের সূত্র ধরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হুরমুজ আলীকে গ্রেফতার এবং মোট চারটি সিএনজি উদ্ধার করে। একটি সিএনজি আইনি প্রক্রিয়া শেষে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি তিনটি সিএনজিসহ আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন