তুরাগে ছাত্রলীগের লাশ ভাসার খবরটি গুজব: পুলিশ

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
তুরাগে ছাত্রলীগের লাশ ভাসার খবরটি গুজব: পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক: তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মরদেহ ভেসে ওঠার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে স্পষ্ট করেছে পুলিশ সদর দপ্তর।

আজ শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে “তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে” শিরোনামে একটি তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে পুলিশ বা প্রশাসনের কাছে এই ধরনের কোনো ঘটনার খবর নেই এবং এটি সম্পূর্ণ একটি বানোয়াট তথ্য। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “একটি নির্দিষ্ট মহল সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে এই মনগড়া খবরটি ছড়াচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করব এই ধরনের কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।”

তিনি আরও জানান, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশের সাইবার ইউনিট ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়িয়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন