মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাঈদ পান্থ, বরিশাল: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।
আজ শনিবার (২৭ জুন) বেলা এগারোটার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, “প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। পরিচয় জানার সুবিধার্থে আমরা পার্শ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবিসহ বার্তা পাঠিয়েছি।”
ওসি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|