কটিয়াদীতে আচমিতা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
কটিয়াদীতে আচমিতা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান বাচ্চু।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমল কিশোর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবাল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর পঞ্চম শ্রেণির মোট ৪৪ জন শিক্ষার্থী বিদায় নিচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩৫৭ জন শিক্ষার্থী এবং ৯ জন শিক্ষক কর্মরত আছেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে কর্মজীবী মো. সজিব মিয়া এবং হৃদয় মিয়াও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁদের সুশিক্ষিত, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সততা, পরিশ্রম ও নৈতিকতা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল বলেন, শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; অভিভাবকের মতো শিক্ষার্থীদের সঠিক পথে চলার দিকনির্দেশনা দেন। বিদায়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে সুন্দর জীবন গড়ে তুলবে বলে আশাবাদ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ববোধ ও অভিভাবকসুলভ ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার পরিবেশ তদারকি এবং ব্যস্ততার মাঝেও শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদারের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে মুহূর্তটি আনন্দঘন হয়ে ওঠে। বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষাজীবন সফল ও সুন্দর হোক—এ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এআইএল/সকালবেলা