সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার
মো. মুক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ৩৬ ঘণ্টায় মাদক, চুরি, পরোয়ানাভুক্ত এবং রাজনৈতিক মামলার আসামিসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে উপজেলার বিভিন্ন ভাসমান ও সম্ভাব্য আস্তানায় একযোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মো. নজরুল ইসলাম (৩২), মো. সজিব (২৬), মো. ছানোয়ার হোসেন (৩২), কাউছার (২২), শাহ পরান (২৮), শফিকুল ইসলাম (২২), মো. হানিফ (৪০) ও মো. আশরাফ (২১)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—বানিনাথপুর গ্রামের নির্মল কুমার সাহা (৫০), কাঁচপুর বারিপাড়া গ্রামের মো. আ. আজিজ (৫৫), মনার কান্দি গ্রামের মিনার হোসেন (৪৫), কোবাগা গ্রামের আব্দুল জব্বার ভূইয়া (৪২), সোনাপুর গ্রামের সজল (৩০), রতনপুর গ্রামের মো. আলমগীর হোসেন (৪৭) এবং পৌর এলাকার নয়ামাটি গ্রামের মো. নবীর হোসেন (৫০)।
অন্যদিকে চুরির মামলায় মিজানুর হাওলাদার বাদশা (২৮) এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৭ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা