আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ
মোঃ মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ২০২৬-২৭ মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রান্তিক ও প্রকৃত কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৮ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে ১ হাজার ১৩৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়ের সভাপতিত্বে সভায় সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সময়সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
সভা থেকে জানা যায়, কৃষকদের কাছ থেকে ধান বিক্রির আবেদন ২৬ নভেম্বর থেকে নেওয়া শুরু হয়েছে। আবেদন জমার শেষ তারিখ আগামী ৩ ডিসেম্বর। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ শুরু হবে। উপজেলার ছয়টি ইউনিয়নের প্রান্তিক ও প্রকৃত কৃষকেরা এই কার্যক্রমে অংশ নিতে পারবেন।
অন্যদিকে, আটোয়ারী উপজেলার মিলারদের কাছ থেকে ১ হাজার ১৩৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের দর নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। মিলারদের সঙ্গে চুক্তি করার সময়সীমা আগামী ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সরকারি সংগ্রহের মাধ্যমে কৃষকেরা যেন সরাসরি ধান বিক্রি করতে পারেন এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা যায়, সে বিষয়ে সভায় জোর দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর, কৃষক ও মিলারদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনও নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাম্মাৎ মুসলিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ মো. খলিলুর রহমান, বিএনপি নেত্রী মর্জিনা বেগম, আটোয়ারী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এবং মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান।
পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা