বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, সহকারী কমিশনার (ভূমি) নুঝাত তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুন নাহার মৌসুমী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং খামারি শামছুল হক।

সভায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যনিরাপত্তা, দুধের পুষ্টিগুণ এবং মানবদেহে দুধের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গবাদিপশু পালনে সঠিক পরিচর্যা, গরুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টিকর খাবার সরবরাহ, রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। গরু পালনকে লাভজনক ও স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করে খামারিদের জন্য সহজ শর্তে সরকারি ঋণপ্রাপ্তি, ঋণের সঠিক ব্যবহার ও পশুপালন খাতে সরকারি সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পর্যায় থেকে আসা পশুচিকিৎসক ও খামারিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা