ব্রাহ্মণপাড়া বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
ব্রাহ্মণপাড়া বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মাদকের ক্ষতিকর দিক, মাদকাসক্তির পারিবারিক ও সামাজিক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা মাদক থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

এআইএল/সকালবেলা