বীরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
বীরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠানটি হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি রপ্তানিমুখী খাত গড়ে তুলতে খামারিদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাত, সুষম খাদ্য ও রোগ প্রতিরোধে আরও সচেতন হতে হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাতের উন্নয়ন মানেই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। খামারিরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। সরকার খামারিদের পাশে আছে এবং তাদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এআইএল/সকালবেলা