গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় প্রায় ৩০টি স্টলে ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস-মুরগি, কোয়েল ও লাভবার্ডসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থী ও খামারিদের জন্য এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজনন (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির প্রদর্শনী রাখা হয়েছে।

খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজনের দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি এবং তৃতীয় দিনে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এআইএল/সকালবেলা