শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনায় ককটেল বিস্ফোরণ
মোঃ জাহিদুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন এবং উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই দুই স্থানে বিস্ফোরণগুলো ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে ইয়াকুব আলী সুপার মার্কেটের পশ্চিম পাশের মহাসড়কে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হলে আশপাশের লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে মার্কেটের ব্যবসায়ী ও সড়কের পাশের ক্ষুদ্র দোকানিরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। মুহূর্তেই জনাকীর্ণ এলাকাটি অনেকটা ফাঁকা হয়ে পড়ে।
ইয়াকুব আলী সুপার মার্কেটের বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হয়, যার মধ্যে একটি অল্পের জন্য পাশের একটি দোকানের ভেতরে ঢোকেনি। বিস্ফোরণের শব্দে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন এবং নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।
মাওনা চৌরাস্তায় বিস্ফোরণের প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে ইউএনওর সরকারি বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা জানান, তাঁর সরকারি বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে তিনি নিরাপদে আছেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাওনা চৌরাস্তায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও মোশাররফ হোসেন ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই রাতে উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা এবং ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রে পরপর এমন বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব নাশকতা ঘটিয়েছে, তা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এআইএল/সকালবেলা