রাজধানীর গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
রাজধানীর গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
স্বপন ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে; এ অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।