বাউফলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে আলগী নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণ এবং বেড়িবাঁধ পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বাকলা থেকে রায়তাঁতেরকাঠী হয়ে নুরাইনপুর বাজার পর্যন্ত বিস্তৃত এ বাঁধ রক্ষার দাবিতে আজ রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় রায়তাঁতেরকাঠী গ্রামের মাঝের খেয়াঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলগী নদীর পাড়ের এই বেড়িবাঁধের সড়কটি রায়তাঁতেরকাঠীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও মুমূর্ষু রোগীরা এ পথ দিয়ে চলাচল করেন। তবে প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর তীব্র ভাঙনে সড়কটি বিলীন হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে সরকারি উদ্যোগে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা হলেও সঠিক নিয়মে তা স্থাপন না করা, পর্যাপ্ত মাটি ও পাইলিংয়ের অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় তা কোনো কাজে আসেনি। অল্প সময়ের মধ্যেই জিও ব্যাগ সরে গিয়ে পুনরায় ভাঙন শুরু হয়েছে। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও বেড়িবাঁধ পাকাকরণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জাকির হোসেন, মামুন শিকদার ও সাংবাদিক জাহিদ শিকদার। এ ছাড়া স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
এআইএল/সকালবেলা