গাজীপুরে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে আগুন

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
গাজীপুরে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে আগুন

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুর মহানগরীর কাশিমপুরে সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদ্দিন মোল্লার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বাড়িটির একটি কক্ষের খাট, তোশক, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বাড়ির একটি কক্ষে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে বাড়িটির উত্তর পাশের নিচতলার একটি জানালা ভাঙা অবস্থায় দেখা গেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিতে পারে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা তদন্ত সাপেক্ষে স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এআইএল/সকালবেলা