বড় বোনের পর দলবদ্ধ ধর্ষণের শিকার ছোট বোন, থানায় মামলা

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
বড় বোনের পর দলবদ্ধ ধর্ষণের শিকার ছোট বোন, থানায় মামলা

মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২০ অক্টোবর। সম্প্রতি ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় গত ২৩ নভেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিনকে (২৪) অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিলেন তিনি। গত ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছে জানতে চাইলে সে পুরো ঘটনা খুলে বলে। এরপর স্থানীয়দের সহায়তায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃত শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাক্‌প্রতিবন্ধী বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ডিসেম্বরে আদালত রাজীব হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সাজাপ্রাপ্ত ওই আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। পরিবারের ধারণা, তিনি বর্তমানে বিদেশে আত্মগোপনে রয়েছেন। সে সময়কার ঘটনায় জন্ম নেওয়া বড় বোনের সন্তানটির বয়স এখন প্রায় ১৩ বছর।

অসহায় বাবা আক্ষেপ করে বলেন, বড় মেয়ের মামলার আইনি লড়াই চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। আদালত যাবজ্জীবন সাজা দিলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার পাননি। এরই মধ্যে ছোট মেয়েও একই পাশবিকতার শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। পলাতক সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়টি তাঁর জানা ছিল না; দ্বিতীয় মামলার পর তিনি তা জেনেছেন। পূর্বের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁকেও আইনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা