গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে
হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষায় গোপালগঞ্জের শিক্ষার্থীরা মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্রে অংশ নেবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পরীক্ষা পেছানোর পরিবর্তে গোপালগঞ্জের পরীক্ষার্থীদের জন্য পার্শ্ববর্তী দুই জেলায় পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীরা মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দেবেন। অন্যদিকে কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুরের আলফাডাঙ্গায়।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। ওই ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।
সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সুযোগ দিতে বিশেষ ব্যবস্থায় এ সম্পূরক পরীক্ষার আয়োজন করেছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ডিসেম্বরের শেষ নাগাদ ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিজ জেলার বাইরে পরীক্ষা দিতে যাওয়ায় যাতায়াত ও অন্যান্য প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা বাড়তি ভোগান্তি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
এআইএল/সকালবেলা