ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত
১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন আবারও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতার ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশ সব সময় পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন তিনি।
‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংকট, মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের ধারাবাহিক লঙ্ঘন এবারের সংহতি দিবসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। ওই মতামতে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর দায়িত্ব ও বাধ্যবাধকতাগুলো তুলে ধরা হয়েছে।
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জন এবং দখলদারিত্বের অবসানের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। এ ছাড়া জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ মিশনের সুনির্দিষ্ট দায়িত্বের মধ্যে থাকতে হবে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করা।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে তারা নিজেদের স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারে।