মরণফাঁদে ভুরাখালী-জগন্নাথপুর সড়ক, জনদুর্ভোগ চরমে

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
মরণফাঁদে ভুরাখালী-জগন্নাথপুর সড়ক, জনদুর্ভোগ চরমে

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের অন্তর্গত স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের নিজ গ্রাম ভুরাখালী থেকে জগন্নাথপুর সদরগামী সড়কটির চরম বেহাল দশা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে।

আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় সরেজমিনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরবেষ্টিত এই অঞ্চলের মানুষের উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো ভুরাখালী-জগন্নাথপুর সড়ক। কিন্তু সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা; আর হেমন্ত ও শুষ্ক মৌসুমে ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে জরুরি রোগী, প্রসূতি মা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। কোনো মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা শহরে নিয়ে যেতে হলে ভাঙাচোরা রাস্তার তীব্র ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। এ ছাড়া ভাঙা রাস্তার অজুহাতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

জাতীয় নেতার স্মৃতিবিজড়িত এই এলাকার মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বর্ষায় তলিয়ে যাওয়া রোধে সড়কটি উঁচুকরণ এবং দ্রুত টেকসই সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এআইএল/সকালবেলা