কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা: কুমিল্লা নগরীতে ফলের বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে নগরীর কান্দিরপাড়, পুলিশ লাইনস ও ঝাউতলা এলাকায় এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার। এ সময় জেলা পুলিশের একটি টিম সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে ফল, ডিম, এলপিজি সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও ক্রয়-বিক্রয় কার্যক্রম যাচাই করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না টানানো, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ফল বিক্রি করা এবং ক্রয়ের সঠিক ক্যাশ মেমো বা ভাউচার প্রদর্শন করতে না পারায় ছয়টি ফলের দোকানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিজানের ফলের দোকানকে ৫ হাজার, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার, জাহির ফলের দোকানকে ৩ হাজার, হোসেন ফলের দোকানকে ৩ হাজার, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এআইএল/সকালবেলা