দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত চলছে: ট্রাইব্যুনাল প্রসিকিউটর

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত চলছে: ট্রাইব্যুনাল প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মানবতাবিরোধী ও রাজনৈতিক অপরাধের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও অপরাধের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তকারী কর্মকর্তা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছেন। তবে বিষয়টি বেশ সময়সাপেক্ষ। কারণ দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং শাখা-উপশাখায় দলটির যাবতীয় কার্যক্রম ও ঘটনার সার্বিক তথ্য সংগ্রহ করেই একটি তথ্যবহুল ও সুনির্দিষ্ট তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর আরও উল্লেখ করেন, বাংলাদেশের আইনি ইতিহাসে এ পর্যন্ত কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামোর আনুষ্ঠানিক বিচার সম্পাদন হয়নি। ফলে তদন্ত কর্মকর্তা আইনগত ও বাস্তবিক সব দিক বিবেচনা করে সময় নিচ্ছেন। প্রসিকিউশন পক্ষ থেকে তাঁকে নিয়মিত আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। নির্ধারিত আইনি সময়সীমার মধ্যেই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এআইএল/সকালবেলা