পদ্মার চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহী অফিস: রাজশাহীর পদ্মার দুর্গম চরাঞ্চল আষাড়িয়াদহের হাজারো মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা দীর্ঘদিন ধরেই ছিল এক কঠিন বাস্তবতা। ভৌগোলিক বিচ্ছিন্নতা, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও আর্থিক অসচ্ছলতার কারণে এই এলাকার প্রায় ৪০ হাজারের বেশি মানুষ প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হয়ে আসছিলেন। এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে চরাঞ্চলবাসীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শনিবার (১৩ জুন) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও অর্থায়নে চর আষাড়িয়াদহ এলাকায় এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চরের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
চরাঞ্চলবাসীর জনদুর্ভোগ লাঘবে আয়োজিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিতে বিজিবির নিজস্ব চিকিৎসক ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অভিজ্ঞ সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এছাড়া সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারও উপস্থিত ছিলেন। দিনব্যাপী পরিচালিত এই কার্যক্রমে চরের শত শত নারী, পুরুষ ও শিশুকে আন্তরিকতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে প্রেসক্রিপশন ও বিনামূল্যে জরুরি ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সকালবেলা-কে বলেন, “সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের সুরক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। চরাঞ্চলের সাধারণ মানুষ মূল ভূখণ্ডের স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তাঁদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিজিবির কাছ থেকে বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরের বাসিন্দারা। চিকিৎসা নিতে আসা ৬৫ বছর বয়সী বৃদ্ধ জামাল উদ্দিন বলেন, “চর থেকে নদী পার হয়ে শহরে গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের মতো গরিবের জন্য খুব কষ্টকর এবং ব্যয়বহুল। বিজিবি আমাদের ঘরের কাছে এসে বড় ডাক্তার দিয়ে ফ্রিতে চিকিৎসা ও দামি ওষুধ দিয়েছে, এতে আমরা অনেক উপকৃত হলাম।”
চর আষাড়িয়াদহ ইউনিয়নের সদস্য (ইউপি মেম্বার) আব্দুল হাই এই সংকটের গভীরতা তুলে ধরে বলেন, “এই বিশাল চরাঞ্চলে ৪০ হাজারেরও বেশি জনসংখ্যার জন্য সরকারি বলতে একটি মাত্র উপ-স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কয়েক বছর ধরে সেখানে কোনো স্থায়ী ডাক্তার নেই, সেটি এক প্রকার বন্ধই রয়েছে। ফলে আমরা স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত। বিজিবির পক্ষ থেকে মাঝে মাঝে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, তবে এবারের আয়োজনটি ছিল চরের ইতিহাসের সর্ববৃহৎ।”
এআইএল/সকালবেলা
|