বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: আসামি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: আসামি গ্রেফতার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে ভুট্টাখেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২০ দিন পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার (১৪ জুন) বাগাতিপাড়া মডেল থানা পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার আসলাম আলী উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। এই মামলার অপর এজাহারনামীয় আসামি একই এলাকার শ্রী ষষ্টি কুমার (৪২) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ রান্নার জন্য বাড়ির পাশের একটি আমবাগানে শুকনো খড়ি (জ্বালানি) সংগ্রহ করতে যান। সে সময় সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আসলাম ও ষষ্টি কুমার তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি নির্জন ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তারা দুজনে মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে এবং গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূ কোনোমতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি নিয়মিত ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ঘটনার ২০ দিন পর শনিবার রাতে প্রধান আসামি আসলাম আলীকে জামনগর এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “গ্রেফতারকৃত প্রধান আসামি আসলাম আলীকে আজ রবিবার (১৪ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত ও বৈজ্ঞানিক প্রমাণের জন্য ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয় নমুনা ঢাকায় সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মামলার দ্বিতীয় আসামি শ্রী ষষ্টি কুমারকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন