ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: তীব্র তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার পর থেকেই ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা শুরু হয়। নতুন চেয়ারম্যানের নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এই অস্থিরতার জেরে ব্যাংকটির বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক একযোগে তাঁদের আমানত তুলে নিতে শুরু করেন। ফলে হঠাৎ করেই ব্যাংকটিতে চরম তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) রাখতেও ব্যর্থ হয় তারা।
এ অবস্থায় গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার জরুরি তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত আবেদন জানায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক সহায়তা হিসেবে এই আড়াই হাজার কোটি টাকার বিশেষ ধার দেওয়া হলো।
উল্লেখ্য, গত শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ইসলাম ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আশ্বস্ত করে জানান, ইসলামী ব্যাংকের এই সাময়িক সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না।
|