টাঙ্গাইলে মাদকসহ আটক ৩: দুইজনের কারাদণ্ড

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদকসহ আটক ৩: দুইজনের কারাদণ্ড

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং জেলা প্রশাসন। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিমখশিল্লা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে স্থানীয় বাসিন্দা জাহিদ মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানাকে (২৪) হাতেনাতে আটক করা হলেও প্রধান অভিযুক্ত জাহিদ মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় আটক মারফুজা সুলতানা এবং পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান ও মোছা. ফারহানা আরেফীন জুঁইয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে হেরোইনসহ হাতিলা এলাকার হাবিবুর রহমান (৩৫) এবং কায়মারা এলাকার জাহিদুলকে (২৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানকে তিন মাস এবং জাহিদুলকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য রাতেই তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তরুণ প্রজন্মকে রক্ষা ও মাদক নির্মূল করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এমন সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলায় মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন