মসজিদে ঢুকে গুলি, গুলিবিদ্ধ দুই মুসল্লি ঢাকা মেডিকেলে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর দৌলতপুরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, হামলার সময় লোকমান হাকিম মসজিদের ভেতরে কোরআন তিলাওয়াত করছিলেন। অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, গুলিবিদ্ধরা মসজিদের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাশে থাকা আরও একজন আহত হন।
তিনি জানান, হামলাকারীদের মধ্যে মোটরসাইকেলচালক হেলমেট পরা ছিলেন। পেছনে বসা ব্যক্তি ধর্মীয় পোশাক পরেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, লোকমান হাকিম খালিশপুর এলাকায় তেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএমপির সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
|