গণমাধ্যমে স্বচ্ছতা ও সংস্কার জরুরি: মিয়া গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালার সংস্কারের প্রয়োজনীয়তা দিন দিন আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার: একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নতুন নতুন গণমাধ্যম গড়ে উঠছে। রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে গণমাধ্যম ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়া গণতন্ত্র ও সাংবাদিকতার মানের জন্য উদ্বেগজনক।
তিনি অভিযোগ করেন, দলীয় স্বার্থে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে শুধু বিশেষ কোনো ঘটনা বা সনদের ওপর নির্ভর না করে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিবহির্ভূত কনটেন্ট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সোশ্যাল মিডিয়ার জন্যও একটি কার্যকর ও সুস্পষ্ট নীতিমালা থাকা সময়ের দাবি।
লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. খাদেমুল ইসলাম হৃদয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন বাবর, একুশে টেলিভিশনের হেড অব নিউজ হারুনুর রশিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং ঢাকা মেইলের সম্পাদক হারুন জামিলসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা।
|